আজকাল ওয়েবডেস্ক: অনলাইন বেটিং, জুয়া এবং ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগে চলা তদন্তের মধ্যেই বড় স্বস্তি পেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (SNGPL) ডিরেক্টর মহম্মদ হাফিজ জানিয়েছেন, পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগ থেকে তিনি একটি ইমেল পেয়েছেন। সেখানে জানানো হয়েছে, ১৯ অক্টোবর থেকে শুরু হবে প্রেসিডেন্টস কাপের প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে খেলতে পারবেন রিজওয়ান।
হাফিজের দাবি, টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড সোমবার শুরু হয়েছে এবং সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডকে (SNGPL) নেতৃত্ব দেবেন রিজওয়ান। গত অগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর রিজওয়ান এবং ইমাম-উল-হককে দেশে ফেরত পাঠানো হয়েছিল। এরপর তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ড্রেসিংরুমের তথ্য ফাঁস, অনলাইন বেটিং এবং জুয়া সংক্রান্ত অভিযোগের তদন্তে তাঁদের ন্যাশনাল সাইবার ক্রাইম সেল (NCCA)-এর সামনে হাজির হতে বলা হয়েছিল।
এখনও পর্যন্ত দু'বার সাইবার ক্রাইম সেলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রিজওয়ান। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, তা স্পষ্ট নয়। লর্ডসে দ্বিতীয় টেস্ট চলাকালীন রিজওয়ান এবং ইমামের ফোনও নিরাপত্তাকর্মীরা বাজেয়াপ্ত করেছিলেন। ফরেনসিক পরীক্ষার জন্য সেই ফোন বর্তমানে সাইবার সেলের কাছেই রয়েছে। তদন্ত ঘিরে ইমাম তুলনামূলকভাবে প্রকাশ্যে আসেননি। তবে রিজওয়ানের প্রতিক্রিয়া নিয়ে গত কয়েক সপ্তাহে বিস্তর আলোচনা হয়েছে। এর মধ্যেই একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১০ অক্টোবর লাহোরে সাইবার সেলের সঙ্গে রিজওয়ানের শেষ দফার জিজ্ঞাসাবাদের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। শীঘ্রই তদন্তেরও ইতি টানা হতে পারে বলে জানিয়েছে সেই সূত্র। লর্ডস টেস্টের পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রিজওয়ান। এবার ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পাওয়ায় তাঁর ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ কিছুটা মসৃণ হল।
