Published on
:
2 min read
প্রবাসের মাটিতে দেবী দুর্গার আবাহন। ৬ দিন ধরে ঢাকের বাদ্যি। জার্মানির বার্লিনে ১৬-২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হলো বার্লিন সর্বজনীন দুর্গোৎসব। এ বার ষষ্ঠ বর্ষ ছিল এই আয়োজনের। Ignite e.v.-এর উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসব চলেছে ৬ দিন ধরে। বিদেশের মাটিতে বহু জায়গায় দুর্গাপুজো হয়, কিন্তু সময়ের অভাবে উইকএন্ডে সেরে ফেলা হয় পুজো। সেদিন থেকে ব্যতিক্রম বার্লিনের এই দুর্গাপুজো। তিথি মেনে ৬ দিন ধরে পুজো হয়েছে। তার সঙ্গে ছিল বাংলার পুজোর গন্ধ, সংস্কৃতি, সঙ্গীত, খাবার এবং আড্ডা।
এই বছরের পুজোয় বিশেষ আকর্ষণ ছিল অষ্টমীর সন্ধ্যা। ১৮ অক্টোবর, জনপ্রিয় বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়া অনুষ্ঠান করেছে। আয়োজকেরা জানাচ্ছেন, জার্মানির মাটিতে এই প্রথম পারফর্ম করল লক্ষ্মীছাড়া। হয়েছে কুমারী পুজো। কুমোরটুলির শিল্পীর হাতে গড়া প্রতিমায় বাঙালি পুরোহিতের পৌরোহিত্যে সাবেকি রীতি মেনে হয়েছে দুর্গা পুজো। বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের আরও একটি বিশেষ দিক তার সর্বভারতীয় চরিত্র। বাঙালির উৎসবে যোগ দিয়েছিলেন অন্য জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষও। আয়োজকেরা জানাচ্ছেন, বাংলার পুজোর রীতি ও পরম্পরাকে ধরে রাখার লক্ষ্যেই নিয়ম মেনে এই পুজো করা হয়। প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্মের সঙ্গে সংস্কৃতির নাড়ির যোগ রাখাই অন্যতম লক্ষ্য।
Bengalis In Berlin – Ignite e.V. ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংগঠন। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা ও প্রসারে কাজ করে। সেদেশের প্রবাসী বাঙালির পাশে দাঁড়ানো সংগঠনের মূল উদ্দেশ্য। বর্তমানে Ignite-এর সঙ্গে প্রায় ১৪০ জন পেইড সদস্য যুক্ত রয়েছেন। সংগঠনটি বার্লিনে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও কমিউনিটি উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানএই সময়
২০২১ সালে Ignite-এর প্রথম দুর্গাপুজো হয়। সেখানে প্রায় ২,০০০ জন অংশ নিয়েছিলেন। পরের বছর, ২০২২-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজারে। প্রতি বছর পুজোর পরিসর ও জনপ্রিয়তা বাড়ছে বলে জানাচ্ছেন আয়োজকেরা।