ভোজপুরি মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে বিনোদন জগতে তাঁর পরিচিতি। সেখান থেকে অভিনয় শুরু ‘রাইজ় অ্যান্ড ফল’ নামক রিয়্যালিটি অনুষ্ঠানের প্রতিযোগী তথা অভিনেত্রী সোনম মালিকের। যে অনুষ্ঠানের মাঝেই তিনি তুলে ধরলেন তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। সাত বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানিকে সোনম জানালেন তাঁর বেশ কিছু অভিজ্ঞতা।
অনুষ্ঠানের মাঝেই কান্নায় ভেঙে পড়েন সোনম। যা দেখে কাজল তাঁকে প্রশ্ন করেন কী হয়েছে তাঁর? তখন নিজের একটি লকেট দেখিয়ে কাজলকে সোনম বিষয়টা গোপন রাখার অনুরোধ করে বলেন, ‘এটা আমার ছেলে। আমি ওর জন্যই এখানে এসেছি। ওর সঙ্গে আমাকে কেউ দেখা করতে দেয় না। প্রায় এক বছর ধরে ওকে দেখিনি।’
প্রসঙ্গত, হরিয়ানায় থাকে কাজলের বছর সাতেকের ছেলে। কিন্তু কে তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে বাধা দেয়, সেই ব্যাপারে কিছুই জানাননি সোনম। তবে এই ঘটনায় যে তাঁর ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতি তা স্পষ্ট।
২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল তাঁর অ্যালবাম ‘আরা কে ওথলালি’। যে গানে পবন সিংহের সঙ্গে অভিনয়ের মাধ্যমেই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন সোনম। তার পর থেকেই বেশ কিছু সিনেমায় অভিনয়েও করছেন তিনি।
