শ্রীবরদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে সোলাইমান মিয়া (৫৫) নামে ইউনিয়ন শ্রমিক দলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান খড়িয়াকাজির ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন। জানা গেছে, নিজের জমিতে সীমানা খুঁটি বসানোর সময় প্রতিপক্ষের আলাউদ্দিন, বাচ্চু ও পিয়ারাসহ আরও ৫-৬ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও বুকের মধ্যে কিল-ঘুষি মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এ ঘটনার পর নিহতের ছেলে থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে বাধা ও বিষয়টি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসার অপচেষ্টাও করে প্রতিপক্ষের লোকজন। এদিকে, খবর পেয়ে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে ওসি নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।