
ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু
বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের পর বাসায় ফিরেছেন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁদের দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে তাঁকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়।
মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এ বিষয়ে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মিজানুর রহমান মিনুকে রাজশাহী থেকে বিএমইউতে নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলো করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
সুস্থ বোধ করায় বাসায় ফিরেছেন মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুও হঠাৎ অসুস্থ বোধ করায় বুধবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর তিনি বাসায় ফিরে যান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, অসুস্থ বোধ করায় আগেই হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
