রংপুর যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথাও শোনেন।
২০ অক্টোবর সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে কলেজটির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, সড়কপথে রংপুর যাওয়ার পথে প্রতিষ্ঠানের ফটকের সামনে এলে শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আবদার রাখতে তাদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফও দেন তিনি। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন।
অধ্যক্ষ কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন ও একটি অডিটরিয়ামের দাবি জানান।
অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী জানান, তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছেন। দাবিগুলো লিখিত আকারে দিলে তিনি তা বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিআলো/শিলি