ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ঘনঘন বিদেশ সফর নিয়ে আবারও সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চলমান বিরোধিতার মধ্যেই বিদেশ সফর নিয়ে বিজেপির তোপের মুখে পড়েছেন রাহুল।
সোমবার (১৯ অক্টোবর) বিজেপি ফ্লাইটের ভেতর রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, ভিয়েতনামের একটি ফ্লাইটে রয়েছেন রাহুল গান্ধী। বিরোধী দলের নেতার এই বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে তারা বলেছে, আন্দোলন করতে করতে রাহুল গান্ধী ক্লান্ত হয়ে পড়েছেন এবং বিরতি নিতে দূরে কোথাও চলে গেছেন।
বিজেপির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে’ খুব ক্লান্ত, এবার কিছুদিন ভিয়েতনাম ঘুরে আসি, কে আর জানতে পারবে।
বিজেপির মুখপাত্র আর পি সিং বলেছেন, ‘দেখুন রাহুল গান্ধী প্রতিবারই এমন করেন। বিহারে একটি যাত্রা সম্পন্ন করার পর তিনি দুই মাসের জন্য বিদেশ ছুটিতে গিয়েছিলেন। সম্ভবত সেবার তিনি ভিয়েতনামে গিয়েছিলেন এবং এবারও হয়তো ভিয়েতনামেই গেছেন।’
আরেক বিজেপি নেতা মন্তব্য করেছেন, রাহুল গান্ধী এত বেশি রাজনৈতিক পরিশ্রম সহ্য করতে পারেন না এবং মাঝেমধ্যেই ছুটিতে উধাও হয়ে যান।
বিজেপির নেত্রী শাহিন ইলমি বলেন, ‘রাহুল গান্ধী আর পেরে উঠছিলেন না। তিনি আর কতটুকুই বা পরিশ্রম করবেন। ভোট চুরির ইস্যুটা কেবল একটা অজুহাত মাত্র। সবাই জানে তিনি কতটা অলস। এখন তার ভ্রমণ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, দুই সপ্তাহও কাজ না করেই তিনি আবারও চলে গেছেন। এবার তিনি আরও একটি সফরে ভিয়েতনামে গেছেন।’
এদিকে এ বিষয়ে বিজেপির কটাক্ষের পাল্টা জবাব দিয়ে কংগ্রেস জানিয়েছে, বিরোধীদলীয় নেতার বিদেশ সফর নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে বিজেপি।
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘কে, কোথায় এবং কখন ভ্রমণ করবেন তা নিয়ে সমস্যা কোথায়? অন্য কেউ কি বাইরে ভ্রমণ করেন না? রাহুল গান্ধী একজন ব্যক্তি এবং বিরোধীদলীয় নেতা, তার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তিনি ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সেখানে বুদ্ধিজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এমনকি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাক্ষাৎকারও দেন, যা প্রধানমন্ত্রী করেন না।’
বিজেপিকে কোণঠাসা করতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের প্রসঙ্গও টেনে আনেন।
তিনি বলেন, ‘তাহলে এই বিষয়টি নিয়ে বিজেপির সমস্যা কোথায়? আমাদের একটি ঐতিহ্য রয়েছে যে, লোকসভা অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করেন না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই ঐতিহ্য ভেঙেছেন। সে সময় কেন কোনো প্রশ্ন ওঠে না?’
উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আন্দোলনে বিরোধী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন রাহুল গান্ধী। তবে নির্বাচন কমিশন ও বিজেপি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করে রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ তুলেছে। সূত্র: এনডিটিভি
অলি/
