পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়।
বুধবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। এসব গুদামের দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে কর্মীদের বেগ পেতে হয়। পরে তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুনের উৎস এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তাঁরা।
ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আগুন নেভানোর কাজে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পানির সীমিত উৎস এবং সরু রাস্তার কারণে পানিবাহী গাড়ি নিয়ে কাজ করতে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পাশাপাশি ভবনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করেন উদ্ধারকর্মীরা। অবশেষে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
The post ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন appeared first on ভোরের চেতনা.
