মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় দুই আসামিকে সাত মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর গ্রামের ফরিদ আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং একই থানার দেরিপাড়া গ্রামের মো. কালাম মণ্ডলের ছেলে মো. পাপ্পু মণ্ডল (২৮)।
আদালত সোহেল রানা ও মো. পাপ্পু মণ্ডলকে সাত মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিন করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানায়, ঝিনাইদহ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
