বিনোদন: প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন। এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। বিয়ের অনুষ্ঠানে টোবির উপস্থিতি এবং নবদম্পতির বিশেষ মুহূর্তে তাঁর ভূমিকা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত তারকার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন স্টাইলিস্ট র্যাচেল জো, অভিনেত্রী কোর্টনি কক্স, অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস। তারকাখচিত এই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিয়ের নানা মুহূর্ত নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে ২০২০ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। সাবেক এই দম্পতির দুই সন্তান রয়েছে।
বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ একটি দিনে টোবি ম্যাগুয়ারের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তির পরও বিশেষ মুহূর্তে পাশে থাকার এই ঘটনা অনেকের কৌতূহল তৈরি করেছে।
