টানা চতুর্থ দিনের মতো রাজধানীতে শ্রমিক বিক্ষোভ, যানজটে নাকাল যাত্রীরা
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর বিমানবন্দর ও উত্তরার জসীমউদ্দীন এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা.............
নিজস্ব প্রতিবেদক :: own-reporterন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর বিমানবন্দর ও উত্তরার জসীমউদ্দীন এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা চতুর্থ দিনের মতো তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
বর্তমান বাজারদর ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে বর্তমান বেতনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
উত্তরার একাধিক পোশাক কারখানার শ্রমিকদের এই আকস্মিক সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও এর সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রী থেকে শুরু করে সাধারণ কর্মজীবী মানুষ। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন।
কিশোরগঞ্জ থেকে আসা দূরপাল্লার বাসের যাত্রী আব্দুল কুদ্দুস এবং বাড্ডাগামী সাধারণ যাত্রী শেহজাদ আহমেদ জানান, যানজট এড়াতে আগেভাগে বের হয়েও এক ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় আটকে থেকে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এর আগে গতকাল বুধবারও সকাল থেকে কয়েক শ পোশাকশ্রমিক বিমানবন্দর ও জসীমউদ্দীন এলাকার বিভিন্ন স্থানে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছিলেন।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, বুধবার বেলা দেড়টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে গতকালই শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি পূরণ না হলে তারা বৃহস্পতিবার আবারও রাস্তায় নামবেন। সেই পূর্বঘোষণার ধারাবাহিকতাতেই আজ নতুন করে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রেখেছেন তারা।
বাংলাদেশ জার্নাল/ওএফ
