১৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণ প্রতিভা কাভান সুলিভানকে দলে ভেড়াতে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বার্সেলোনা। তবে ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি প্রাক-চুক্তি করে রেখেছে কাভান।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিলাডেলফিয়া ইউনিয়নের এই প্রতিভাবান মিডফিল্ডারের ওপর কড়া নজর রাখছে বার্সেলোনার স্পোর্টিং ডিপার্টমেন্ট। সিটিতে তার সম্ভাব্য যোগদানের আগেই তাকে কাতালুনিয়ায় নিয়ে আসার পথ খুঁজতে চায় ক্লাবটি।
১৭ বছর বয়সী সুলিভানের সঙ্গে ম্যানচেস্টার সিটির একটি প্রাক-চুক্তি সম্পন্ন হয়ে আছে। তার বয়স ১৮ বছর পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার কথা।
সেই চুক্তির বদৌলতে প্রিমিয়ার লিগের ক্লাবটি এত দিন আমেরিকান ফুটবলের অন্যতম সেরা এই উদীয়মান তারকাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। তবে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে।
ম্যানচেস্টার সিটি আগাম চুক্তি সম্পন্ন করার আগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মতো জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল।
তবে বর্তমান প্রেক্ষাপটে অনিশ্চয়তার মূল কারণ হলো ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মাবলি লঙ্ঘনের ১১৫টি অভিযোগ, যেটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
যদিও এখনই কোনো শাস্তি নির্ধারিত ধরে নেওয়া যায় না এবং অবনমনও কেবল একটি সম্ভাব্য আশঙ্কা মাত্র- তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে তা সিটির ক্রীড়া পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
আর এই দীর্ঘমেয়াদি অনিশ্চয়তাই ম্যান সিটি এবং ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাওয়া খেলোয়াড়দের ভবিষ্যতের হিসাব-নিকাশ জটিল করে তুলতে পারে। সুলিভানের প্রতিনিধিরাও এর আগে স্বীকার করেছেন যে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
কয়েক সপ্তাহ আগে তার এজেন্ট বলেছিলেন, কখন কী ঘটে তা বলা কঠিন, তবে আমরা আশা করি তারা বিষয়টির একটি সঠিক সমাধান খুঁজে পাবে। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে এখনই তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাতিল করছেন না, তবে একটি অনিশ্চয়তার দুয়ার কিন্তু খোলাই রয়ে গেছে।
গন্তব্য বদলের এই সিদ্ধান্ত নির্ভর করবে সিটির আর্থিক মামলার গতিপ্রকৃতি, প্রাক-চুক্তির নির্দিষ্ট শর্তাবলি এবং খেলোয়াড়টির কাছে উপলব্ধ বিকল্প সুযোগগুলোর ওপর।
পুরো বিষয়টি বেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে প্রস্তুত বার্সেলোনা। দলটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং তার স্কাউটিং দল শুরু থেকেই উদীয়মান তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং দীর্ঘমেয়াদে স্কোয়াড শক্তিশালী করার সুযোগগুলো কাজে লাগানোর ওপর জোর দিয়ে আসছেন।
