চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী।
রাধিকা উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী বলেন, প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়েছিল রাধিকা। পরে সুস্থ হয়ে বোনের বাড়িতে বেড়াতে যায় সে। এরপর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয়। সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী ছিল রাধিকা, বলেন প্রধান শিক্ষক।
The post চন্দনাইশে হামে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
