
আংশিক নিয়ন্ত্রণে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন
গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট ২ এর আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ (এসইউপি)।
বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার বর্তমানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি দুইটি ভবন সংযুক্ত হওয়ায় দুইটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। চতুর্থ তলা থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
যেহেতু এটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আগুন যেন ছড়িয়ে পরতে না পারে। সেই নির্দেশনা মেনে আগুন যেন ছড়িয়ে পরতে না পারে সেই ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে।
সকলের সহযোগিতায় কারখানার সব শ্রমিক কর্মচারীদের নিরাপদে বের করা হয়েছে। প্রাথমিক ভাবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল দশটার দিকে কারখানাটিতে আগুনের সুত্রপাত হয়। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
