অজ়িদের জয়ে WTC-তে আদৌ লাভ হলো ভারতের?ছবি: Ei Samay
Published on
:
2 min read
টেস্ট অধিনায়ক হিসেবে এতদিন অপরাজিত ছিলেন তেম্বা বাভুমা। সেই রেকর্ডে এ বার ছেদ পড়ল। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে ২১৪ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমিডে এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। WTC পয়েন্ট টেব্লের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা। তবে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। এই বদলে আদৌ লাভ হলো ভারতের?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ম্যাট রেনশ। কঠিন পিচে দারুণ ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৩৯৭ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ভর করে ৩৯০ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৪ রানে। লিড নিয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন রেনশ। খেলেন ৮২ রানের ইনিংস। ৬ উইকেটে ৩১৪ তুলে ডিক্লেয়ার করে দেয় অজ়িরা।
৪২১ রান তাড়া করতে নেমে জশ হ্যাজ়েলউডের পেসের সামনে দাঁড়াতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ৬ উইকেট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২০৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২১৪ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পরে WTC পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল অজ়িরা। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৯টায় জিতেছে তারা। অস্ট্রেলিয়ার প্রাপ্ত পয়েন্টের শতাংশ (PCT) বেড়ে হয়েছে ৮১.৮১। প্রথম টেস্টের আগে ৮০ শতাংশ PCT নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা।
কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারের পরে তাদের PCT কমে হয়েছে ৬০। ফলে এক ধাপ নেমে তৃতীয় স্থানে চলে গিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হারের সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। কিউয়িদের PCT এখন ৭২.২২ শতাংশ। আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে তারা।
WTC তালিকায় পাঁচে ভারত
চলতি WTC সাইকেলে এখনও পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে। ভারতের পয়েন্ট শতাংশ ৫১.৫২। সেই সুবাদে আপাতত পঞ্চম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের কারণে ভারতের কোনও আলাদা লাভ হয়নি। তবে গুরুত্ব বেড়েছে নিউ জ়িল্যান্ড সফরের।
