৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতনসীমা ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। তবে নিয়োগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। গেজেটে আরও বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো প্রার্থীর মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।
The post ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ appeared first on ভোরের চেতনা.
