ফের একসঙ্গে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন! বলিউডের জনপ্রিয় এই জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’এর একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে তাঁদের। আর এই খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বলিপাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে গানটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জনপ্রিয় কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় শুটিং চলতে পারে প্রায় এক সপ্তাহ।
প্রথমে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করার পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করে মুম্বাইয়ে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে গানটির নাম, সুরকার কিংবা অন্যান্য বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন বরাবরই দর্শকদের আকর্ষণ করেছে।
এদিকে তারকাবহুল আয়োজনের কারণে ‘কিং’ সিনেমাটি নিয়েও আগ্রহ বাড়ছে। এতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফসহ অনেকে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের।
সব মিলিয়ে ‘কিং’এর গান ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। শাহরুখ-দীপিকার পুরোনো রসায়ন নতুন করে কতটা মুগ্ধ করে, সেটাই দেখার অপেক্ষা।
