প্রয়াত অসমিয়া সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যমৃত্যুর মামলায় বড়সড় মোড়। জামিন পেলেন অসম পুলিশের সাসপেন্ডেড ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) সন্দীপন গর্গ। শুক্রবার, ১৬ অক্টোবর গুয়াহাটি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে ঠিক কী কারণে তাঁকে জামিন দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। আদালতের সম্পূর্ণ নির্দেশ প্রকাশ্যে আসার অপেক্ষায় রয়েছে দুই পক্ষই।
সন্দীপন প্রয়াত শিল্পী জুবিনের খুড়তুতো ভাই। এই মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। বিচারপতি রাজেশ মজুমদারের একক বেঞ্চে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়। সন্দীপনের আইনজীবী অনন কুমার ভুঁইয়া জানিয়েছেন, আদালত এখনও সম্পূর্ণ নির্দেশ পড়ে শোনায়নি। ফলে কোন যুক্তির ভিত্তিতে জামিন মঞ্জুর করা হয়েছে, তা বিস্তারিত রায় সামনে এলেই জানা যাবে।
সন্দীপনের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ রয়েছে, যা খুনের অভিযোগ থেকে পৃথক। জুবিনের মৃত্যুর তদন্তে গ্রেপ্তার হওয়ার পর গত বছর ৮ অক্টোবর তাঁকে অসম পুলিশ থেকে সাসপেন্ড করা হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। ঘটনার সময় সন্দীপনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
এই মামলায় জামিন পাওয়া দ্বিতীয় অভিযুক্ত সন্দীপন। এর আগে ৯ অক্টোবর গুয়াহাটি হাই কোর্ট গায়িকা অমৃতপ্রভা মহন্তকে জামিন দিয়েছিল। তিনি ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে জামিন পেলেও মামলার বিচারপ্রক্রিয়া চলবে। সন্দীপনের বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট খারিজ করার আবেদনও আলাদাভাবে বিবেচনা করছে হাই কোর্ট।
জুবিনের মৃত্যু ঘিরে অসমে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে। মামলায় সংগীতশিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত-সহ আরও কয়েকজন অভিযুক্ত। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারতের উৎসবে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্দীপনের জামিনের পর মামলার পরবর্তী শুনানি এবং আদালতের বিস্তারিত নির্দেশের দিকেই এখন নজর।
