কালবেলা · সাধারণ
পবিপ্রবিতে চালু হচ্ছে বিআরটিসির ডাবল ডেকার বাস
১৫/১০/২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে বলে জানা গেছে।
এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। মূলত বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হয়। তবে নিয়মিত চলাচলের জন্য আরও উন্নতমানের দুটি বাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, বিআরটিসির ডাবল ডেকার বাস চালু হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিদ্যমান সমস্যা সমাধানেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মূল প্রতিবেদনে যান ↗