খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে এসআরবি'র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হামলার পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পীকার মিরাজ’ এবং তার সহযোগী ইব্রাহিম।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে আড়ংঘাটা ও সদর থানায় মারাত্মক আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
মোহাম্মদ মিলন/ এনটি
