অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যাকাণ্ডের মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলায় সিদ্দিকের ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম ২৪ আগস্ট রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়—
শাহজাদপুরে সুবাস্তু নজরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে ঘটনা ঘটানো,
পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো,
অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ,
নেতৃত্বদানকারীদের শনাক্ত ও গ্রেফতার,
অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তা।
এই কারণেই সিদ্দিককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে দাবি করেছে পুলিশ।
এর আগে গত ২৯ এপ্রিল বেইলি রোডে স্থানীয় কয়েকজন সিদ্দিককে আটক করে মারধরের পর রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তাকে গুলশান থানায় পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই গুলশানের সুবাস্তু নজরভ্যালির সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
