বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে গ্রেপ্তার সাইমনকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমানের নির্দেশনায় এসআরবির সহায়তায় থানা পুলিশ আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাইমনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাইশারী ইউনিয়নের ওই প্রতিবন্ধী তরুণী প্রতিবেশীর বাড়ির পুকুরে গোসল করতে যান। একই সময় তাঁর মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। বাড়ি ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি প্রতিবেশীর ঘরের বারান্দায় সাইমনকে দিয়ে মেয়েকে ধর্ষণ করতে দেখেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় সাইমন দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়। মামলা নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঢাকার আশুলিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/শিলি