পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণা সহযোগিতা বাড়াতে চীনের জিয়াংনান ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট খাতে উন্নত প্রযুক্তি ও গবেষণা সহায়তা প্রয়োজন। কাঁচামাল রপ্তানির পাশাপাশি মূল্য সংযোজনের মাধ্যমে উচ্চমূল্যের পণ্য তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সমঝোতার আওতায় উন্নত বীজ, ফলন বৃদ্ধি এবং বস্ত্র খাতে গবেষণালব্ধ প্রযুক্তি প্রয়োগে কাজ করার পরিকল্পনা রয়েছে। যৌথ গবেষণাগার এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে প্রযুক্তি পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।
