কালবেলা · আন্তর্জাতিক
মার্কিন ভিসা ও অভিবাসন আইন লঙ্ঘন ইস্যুতে নতুন সিদ্ধান্ত
১৭/১০/২০২৬

যুক্তরাষ্ট্রে ভিসা ও অভিবাসন আইন লঙ্ঘন করে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখে পড়তে পারেন। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন।
দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীর অভিবাসনসংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা থাকলেও তা তাদের নজরে আসবে। এক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল কোনো গ্রহণযোগ্য অজুহাত নয়।
এর আগে গত ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত আরেকটি পোস্টে অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়।
ওই পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্যও বিবেচনা করা হতে পারে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।
সূত্র : ইউএস অ্যাম্বাসি ঢাকা
মূল প্রতিবেদনে যান ↗