মুক্তির ১০ বছর পর আবারও দর্শকদের সামনে আসছে নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’। শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের অভিনীত প্রথম এই সিনেমাটি ২০ অক্টোবর থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি নতুন করে দর্শকদের সামনে আসায় ফিরে আসছে অভিনয়শিল্পী ও নির্মাতার পুরোনো স্মৃতি।
২০১৬ সালে মুক্তির সময় ‘আইসক্রিম’ ছিল শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সূচনা। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা এবং নির্মাণের সময়কার আবেগের কথা স্মরণ করে অভিনয়শিল্পীরা জানিয়েছিলেন, অনেক পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তাঁরা সিনেমাটি তৈরি করেছেন। নতুন মুখ নিয়ে কাজ করার বিষয়ে তখন পরিচালক রেদওয়ান রনি বলেছিলেন, গল্পের প্রয়োজনে নতুন অভিনয়শিল্পীদের বেছে নিয়েছিলেন তিনি। দর্শকদের উচ্ছ্বাসকেই নিজের অর্জন হিসেবে দেখেছিলেন এই নির্মাতা।
সিনেমাটির নামকরণের ব্যাখ্যায় রেদওয়ান রনি বলেছিলেন, তিনি একটি সম্পর্কের গল্প বলতে চেয়েছেন। তাঁর ভাষায়, সম্পর্ক আইসক্রিমের মতো, যা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। তাপমাত্রা কম হলে তা গলে যায়, আর বেশি হলে বরফ হয়ে যায়।
সিনেমাটি চরকিতে আসার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের আগ্রহ দেখা গেছে। গত ১৬ অক্টোবর চরকির যাচাইকৃত ফেসবুক পেজে সিনেমাটির থিমভিত্তিক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটি শেয়ার করে পরিচালক রেদওয়ান রনি। সেখানে দর্শকদের অনেকে সিনেমাটি আবার দেখার অপেক্ষার কথা জানান। কেউ কেউ স্মৃতিচারণা করে বলেন, ‘আইসক্রিম’ ছিল প্রেক্ষাগৃহে গিয়ে দেখা তাঁদের প্রথম বাংলা সিনেমা।
‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নাজিফা তুষির। এর আগে নাটক বা বিজ্ঞাপনে কাজ না করেই সরাসরি সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে তুষি বলেন, চলচ্চিত্র যে কত বড় ক্যানভাস, তা তখন পুরোপুরি বুঝতেন না তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন। এক দশক পর দর্শকেরা আবারও ছবিটি দেখতে পারবেন, এ বিষয়টি তাঁর কাছে আনন্দের। একই সঙ্গে এত বছর পেরিয়ে যাওয়ায় বিস্ময়ও প্রকাশ করেন এই অভিনেত্রী।
অভিনেতা কুমার উদয়ের কাছেও সিনেমাটি ঘিরে রয়েছে নানা স্মৃতি। বর্তমানে মঞ্চনাটকে ব্যস্ত এই অভিনেতা বলেন, ‘আইসক্রিম’ নিয়ে তাঁর স্মৃতিগুলো এখনো রঙিন। সিনেমার কাজ শুরুর আগে তিন অভিনয়শিল্পীর মধ্যে তৈরি হওয়া বন্ধুত্বের কথা বিশেষভাবে মনে আছে তাঁর। উদয়ের মতে, এক দশক পরও সিনেমাটির প্রাসঙ্গিকতা তাঁকে বিস্মিত করে। তাঁর ধারণা, বর্তমান প্রজন্মের দর্শকদের কাছেও ছবিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেন্টমার্টিনে প্রথম পর্বের শুটিং শেষে পুরো ইউনিটের সদস্যদের হাত ধরে সাগরে ঝাঁপ দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি।
পরিচালক রেদওয়ান রনি বলেন, এক দশক আগে সিনেমাটি নির্মাণের পেছনে ছিল একদল তরুণের পরিশ্রম, স্বপ্ন ও আবেগ। সময়ের সঙ্গে জীবনের অনেক কিছু বদলালেও সিনেমাটির বিষয়বস্তু এখনো প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে না পারা দর্শক এবং দেশের বাইরে থাকা দর্শকেরাও চরকির মাধ্যমে এটি দেখার সুযোগ পাবেন বলে জানান নির্মাতা।
শরিফুল রাজের কাছে ‘আইসক্রিম’ তাঁর অভিনয়জীবনের ভিত্তি। সিনেমাটির শুটিং, মহড়া, ক্যামেরার সামনে দাঁড়ানোর শুরুর দিকের স্নায়ুচাপ এবং পরিচালক রেদওয়ান রনির নির্দেশনার স্মৃতি এখনো তাঁর মনে জীবন্ত। চরকিতে সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে দর্শকেরা তাঁর অভিনয়জীবনের শুরুর সময়টিও দেখতে পারবেন বলে জানান এই অভিনেতা।
শুক্লা বনিক, রেদওয়ান রনি ও সালমা আদিল প্রযোজিত ‘আইসক্রিম’ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান। এতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
এমএম/
