আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতারা।
স্টাফ রিপোর্টার
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতারা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কর্মসূচি ঘিরে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট আজমল হোসাইন এবং জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। এদিকে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন বাস্তবায়ন কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে ৩১ অক্টোবরের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আয়োজকদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
