জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির বিক্ষোভ কর্মসূচি পুলিশের নিষেধাজ্ঞায় পণ্ড হয়ে গেছে।
জেলা জাতীয় পার্টির কার্যালয় সূত্রে জানা গেছে, জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজনের কথা ছিল। তবে পুলিশের নিষেধাজ্ঞার কারণে কর্মসূচিটি পালন করতে পারেনি দলটি।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরিফুজ্জামান দিদার বলেন, সব আয়োজন সম্পন্ন থাকলেও পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা তো আর নিষিদ্ধ দল না। কেন করতে দিলো না?’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ায় জাতীয় পার্টিকে কর্মসূচি পালন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি কোনো কেন্দ্রীয় কর্মসূচি ছিল না। কেন্দ্রীয় নেতাদের মন জয় করতে তারা নিজেরাই এ ধরনের কর্মসূচি দিয়েছিল।
প্রসঙ্গত, সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলার বিষয়ে জি এম কাদের বলেন, ‘সকালে নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।’
