সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুইজন বাংলাদেশি। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে হতাহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হামলার পর সুস্থ থাকা বাংলাদেশিদের দুটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তাঁদের খোঁজখবর রাখছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১ জন ওমরাহযাত্রীর একটি বড় দল রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। এ সময় হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদ বিমানবন্দরের ভবন বিস্ফোরণে কেঁপে ওঠে।
সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই বাংলাদেশিকে শনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা গেছে, ওমরাহযাত্রীদের ওই দলটি ঢাকার কামরাঙ্গীরচরের মাদ্রাসা জামিয়া আরাবিয়া রবিউল উলুমের শিক্ষক ছিলেন।
সানা/আপ্র/১১/১০/২০২৬
