ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য আনা ২০০ ব্রডগেজ কোচের প্রথম চালানের ১৮টি নতুন যাত্রীবাহী কোচ দর্শনা হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৫৫ কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশনের ১নং লাইনে এসে অবস্থান নেয়। আনুষঙ্গিক কাজ শেষে ১০টি ১৩ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছেড়ে যায় আজিমনগর হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে, বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান।
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম মুঠোফোনে জানান, কোচ গুলো ইতোমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে গিয়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ শুরু করেছেন। প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।
কোচগুলোতে নন-এসি আসন ১০৪টি, এসি আসন ৮০টি এবং কেবিনে দিনে ৪৮টি ও রাতে ২৪টি আসন রয়েছে।
এর আগে ভারত থেকে আসা দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ১৮টি কোচ রিসিভ করে নেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তারা।
