চট্টগ্রামে এক যুবককে অচেতন করে ১ লাখ ২৭ হাজার টাকা লুটে নিয়েছে নারী স্প্রে পার্টির দুই সদস্য। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. জাবেদ উদ্দিন নয়ন (২১) আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের মো. মুসার ছেলে।
নয়ন জানান, তার প্রবাসী বড় ভাইয়ের পাঠানো ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে চাতরী চৌমুহনী থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় আগে থেকেই বোরকা পরা দুই নারী ও এক ব্যক্তি বসে ছিলেন। ওই ব্যক্তি পথে নেমে যাওয়ার পর চালকের কথায় পেছনের আসনে বসেন নয়ন। একপর্যায়ে দুই নারীর আচরণে সন্দেহ হলে অটোরিকশা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ওই নারীরা তাকে টেনে ধরে মুখে স্প্রে করেন। পরে তার কাছে থাকা টাকা নিয়ে তাকে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়।
স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন নয়ন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুজিবুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনের দায়িত্ব পালন শেষে শনিবার রাতে সড়কের পাশে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়নকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, চেতনানাশক কোনো পদার্থ খাওয়ানো বা স্প্রে করার কারণে তার এমন অবস্থা হয়েছে। হাসপাতালে আনার সময় তার শরীর কাঁপছিল।
