জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে শোক দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোক দিবসে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি নিয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে যাওয়া হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা হবে। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
এ ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে দুর্ঘটনায় নিহতদের তৈলচিত্র ও সংশ্লিষ্ট স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে। সকালে থাকবে রক্তদান কর্মসূচি। সন্ধ্যা সাড়ে ৬টায় হলের উপাসনালয়ে থাকবে শোকসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন। দিবসটি উপলক্ষে ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার’ও আয়োজন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ওই দুর্ঘটনায় নিহত ৪০ জনের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ অক্টোবর শোক দিবস পালন করা হয়।
