আউটসোর্সিং নয়, খাদ্য মন্ত্রণালয়ের সাড়ে ৬ হাজার শূন্য পদে দ্রুত নিয়মিত নিয়োগের তাগিদ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
খাদ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোতে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ রেখে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু এমপি।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের জনবল সংকট, কৃষিজমি সংরক্ষণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের বিভিন্ন পদে উল্লেখযোগ্যসংখ্যক শূন্যপদ থাকায় দ্রুত নিয়োগের মাধ্যমে জনবল সংকট কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তা রয়েছে। বৈঠকে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত সচেতন। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিশু খাদ্যসহ সব ধরনের খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইন ও বিধিবিধানের সীমাবদ্ধতা দূর করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাসহ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের প্রতিটি কার্যালয়ে মিনি ল্যাবরেটরি স্থাপন এবং খাদ্যে ভেজাল শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য মোবাইল ভ্যান সরবরাহের কাজও চলমান রয়েছে।
কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
সরকারি খাদ্য সহায়তা বিতরণে উপকারভোগী নির্বাচনের ত্রুটি এড়াতে প্রক্রিয়াটি ডিজিটাল করার সুপারিশও করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি, আবুল কালাম এমপি, মোঃ আবু তালেব মন্ডল এমপি, মোঃ আব্দুল করিম এমপি এবং শামছুন্নাহার বেগম এমপি।
এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরিকল্পিত নগরায়ণের কারণে দেশে আবাদি জমির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। এ পরিস্থিতিতে কৃষিজমি সংরক্ষণ এবং কৃষিজমির অননুমোদিত অকৃষি ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
