গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানার পর বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকায়। অসুস্থ বৃদ্ধ হাজী মুনসুর আলীর ছোট ছেলে মোহাম্মদ আবু সাঈদ বলেছেন, “আমার বড় ভাই আব্দুল কাদির জমি লিখে না দিলে বাবাকে হাসপাতালে নিতে দেবেন না বলে জানিয়েছেন।”
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমনকি তার শরীরে পচন ধরেছে। কিন্তু, বাড়ির সামনে টিনের বেড়া থাকায় তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না।
আবু সাঈদ বলেন, “বাবা এখন মৃত্যুশয্যায়। তাকে হাসপাতালে নিতে পারছি না। বাড়ির সামনে টিনের বেড়া দেওয়া হয়েছে। জমি লিখে না দিলে চিকিৎসা করতে দেওয়া হবে না বলে বড় ভাই জানিয়েছেন।”
অভিযোগের বিষয়ে আব্দুল কাদির বলেন, “আমার অংশের জমি লিখে দেওয়া না পর্যন্ত হাসপাতালে নিতে দেব না। এতে আমার জেল-ফাঁসি হলেও সমস্যা নেই। আগে সম্পদ লিখে দিয়ে হাসপাতালে নিতে হবে।”
বৃদ্ধের নাতি বাচ্চু মিয়া জানান, তারা নানাকে চিকিৎসা করানোর চেষ্টা করছেন। কিন্তু, বাড়ির সামনে বেড়া থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তা চেয়েছেন।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন মুরাদ জানিয়েছেন, ইউএনওর নির্দেশনায় গ্রাম পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেছেন, “বিষয়টি জানার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
