উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশে এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সরকারের সর্বাত্মক সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুর্গোৎসব পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকেও এ সম্প্রীতির প্রশংসা আসছে।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী চ্যানেল আইকে বলেন, এবারের দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য হলো পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি। সারা দেশে এবার ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই ছিল ২৫৮টি মণ্ডপ।
তিনি বলেন, এবার সরকারের আর্থিক বরাদ্দ বেড়েছে, ছুটির পরিসরও বাড়ানো হয়েছে। পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন, বাস ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সরকার, জনগণ এবং বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সুব্রত চৌধুরী বলেন, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, পুলিশ, আনসার ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেছে। তাদের সমন্বিত উদ্যোগে সারা দেশে নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের পরিস্থিতি তৈরি হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
