শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ক্যাম্পাসে যান তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে মূল ফটকে পৌঁছান উপাচার্য এবং নিজেকে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন।
এরপর পুলিশি নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের মূল ফটকের তালা ভেঙে নিজের কক্ষে প্রবেশ করে চেয়ারে বসেন তিনি। এ সময় তার কক্ষে ছাত্রদল নেতাদের উপস্থিত থাকতে দেখা যায়।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
এই হঠাৎ পরিবর্তনের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, মুখোশ মিছিল থেকে শুরু করে নানা অভিনব পন্থায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন তারা।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে যান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও। ফলে গত প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ও স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
টানা বিক্ষোভ ও তালাবদ্ধ পরিস্থিতির কারণে নিয়োগ পাওয়ার পর এতদিন ক্যাম্পাসে সশরীরে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন তিনি। অবশেষে সব বাধা উপেক্ষা করে সোমবার সকালেই তিনি ক্যাম্পাসে গিয়ে নিজের দপ্তরে প্রবেশ করলেন।
