আজকাল ওয়েবডেস্ক: নবরাত্রির আবহে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলা প্রশাসন। গত ১ অক্টোবর, নবরাত্রির প্রথম দিনেই পাথর খাদানের ডিএসআর (DSR) থেকে মোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "এক দিনে রাজস্ব আদায়ের নিরিখে এটি সর্বকালীন রেকর্ড।"
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই বীরভূমে মোট ৩২ কোটি ১৭ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে, গত বছরের অক্টোবর মাসে পুরো মাসে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ২৮ লক্ষ টাকা।
রাজস্ব আদায়ের এই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেছেন, পাথর খাদান থেকে মাসে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ করা সম্ভব হবে। তাঁর মতে, রাজস্ব ফাঁকি রোধ এবং সরকারি কোষাগারের আয় বৃদ্ধির ক্ষেত্রে জেলা প্রশাসন ও ভূমি দফতরের ভূমিকা উল্লেখযোগ্য। পোস্টে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি দফতরকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ প্রশাসন এবং নিয়ম মেনে রাজস্ব আদায়ই সরকারের অঙ্গীকার।
মুখ্যমন্ত্রীর পোস্টের সঙ্গে প্রকাশিত সরকারি রিপোর্টে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বীরভূম জেলার রাজস্ব আদায়ের হিসাব তুলে ধরা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ১ অক্টোবর ৩,৫৫৭টি রসিদ থেকে ২ কোটি ৭২ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা এবং ১০ অক্টোবর ৩,০০০টি রসিদ থেকে ২ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ২০ টাকা আদায় হয়েছে বলে উল্লেখ রয়েছে।
তবে রাজস্ব আদায়ের এই বৃদ্ধির পিছনে প্রশাসনিক নজরদারি, জরিমানা আদায় এবং অনিয়ম রোধের কতটা ভূমিকা রয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
