বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মো. মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত মজলু মোল্লার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান।
গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। এরপর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
পরদিন বেলা ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ অক্টোবর তাকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
