রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার পলাতক তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন যে গত ৫ আগস্টের পর পাবনার নিজ এলাকা ছেড়ে তাঁরা রাজধানীতে এসে আত্মগোপনে ছিলেন। ঢাকায় অবস্থানকালেই তাঁরা মুঠোফোনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এবং নিজ এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় করার বিষয়ে তৎপরতা চালাচ্ছিলেন।
এদিকে এই তিন নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী ও আটঘরিয়ার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সংশ্লিষ্ট দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’
