শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
- বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ / ১৬ জন দেখেছে

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার রাধানগর এলাকায় রাস্তা পরিষ্কারের সময় সাপটি দেখতে পান শ্রমিকরা।
পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব অজগর সাপটি দেখতে পেয়ে উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গলে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
লোকালয়ে অজগর সাপের উপস্থিতি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। তবে সাপটি উদ্ধারের সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে সেগুলোকে বিরক্ত বা আঘাত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশসংশ্লিষ্টরা।

