দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ঘিরে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া নগরীর মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই সমাবেশ থেকে বিভাগের অন্তত দেড় হাজার আখচাষির মধ্যে প্রণোদনা বিতরণেরও কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, মাদরাসা মাঠের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। এ লক্ষ্য সামনে রেখে মাঠজুড়ে চলছে প্রস্তুতিমূলক কার্যক্রম। সমাবেশস্থল প্রস্তুত করা থেকে শুরু করে সার্বিক আয়োজন সম্পন্ন করতে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা।
দুর্গাপূজার সময়ে প্রধানমন্ত্রীর মণ্ডপ পরিদর্শনকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁদের মতে, দেশের সরকারপ্রধানের এমন উদ্যোগ সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দেবে। পূজার সময়ে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে তাঁদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।
চলতি বছরের ২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সরকারি সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁরা বলছেন, রাজশাহীর উন্নয়ন এবং স্থানীয় মানুষের বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর সফল করতে জেলা, মহানগরসহ বিভাগের নেতারা দিনরাত কাজ করছেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় সমাবেশ শেষে বিশেষ বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমএ
