নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার এসআরবি-১৪, ময়মনসিংহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন (২১) দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারির মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে।
এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের বিষয়ে এসআরবি-১৪, ময়মনসিংহের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, ‘তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেপ্তার প্রাঙ্গণকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘গ্রেপ্তার প্রাঙ্গন এলাকায় শুটার শামিম নামে পরিচিত এক সন্ত্রাসীর ভাগ্নে। শুটার শামিমের বিরুদ্ধে থানায় কমপক্ষে ৩টি হত্যা মামলাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।’
আসামির বর্তমান অবস্থা সম্পর্কে ওসি বলেন, ‘এসআরবির অভিযানের পর আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।’
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৮ অক্টোবর অপূর্ব (২২) নামে সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এখন অপূর্ব চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।
