রাশিয়ার বৃহত্তম ডেটা সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রটির মালিক রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠান এসবারব্যাংক।
বুধবার এসবারব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সান্ডার ভেদিয়াখিন সাংবাদিকদের বলেন, ডেটা সেন্টারটিতে হামলা হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব ব্যবস্থা ও সেবা স্বাভাবিকভাবে চলছে।
ভোলগা নদীর তীরবর্তী সারাতভ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গত এক সপ্তাহে রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের মালিকানাধীন তিনটি ডেটা সেন্টারে হামলা হয়েছিল। ইউক্রেন বলছে, রাশিয়ার হামলায় তাদের নিজেদের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবে তারা এ ধরনের হামলা চালাচ্ছে।
এসবারব্যাংক ও ইয়ানডেক্স রাশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের শীর্ষ প্রতিষ্ঠান। দেশটির বাজারে এসবারব্যাংকের গিগাচ্যাট এবং ইয়ানডেক্সের ইয়ানডেক্সজিপিটি মডেল প্রতিযোগিতা করছে।
দুই প্রতিষ্ঠানই নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরিতে বিপুল বিনিয়োগ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তুলনায় তারা প্রায় নয় মাস পিছিয়ে রয়েছে। উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পেতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে সমস্যায় পড়তে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি ২০২৪ সালে জানিয়েছিল, সারাতভ অঞ্চলের বালাকোভোতে অবস্থিত হামলার শিকার ডেটা সেন্টারটির আয়তন ৫৫ হাজার বর্গমিটার। সেখানে রাশিয়ার বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ২০২৭ সালে চালু হওয়ার কথা।
ডেটা সেন্টারটি বালাকোভো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও সারাতভ জলবিদ্যুৎকেন্দ্রের পাশে অবস্থিত।
তবে হামলায় সুপারকম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এসবারব্যাংক বা ইয়ানডেক্স কোনো তথ্য জানায়নি।
সূত্র: রয়টার্স
