নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার যাত্রী শাহনাজ বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রী মারা যান।
এ ঘটনায় আহত শাওন নামে আনুমানিক ২৫ বছর বয়সী অপর যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ট্রাকের চালককে স্থানীয় লোকজন মারধর করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
