আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানানো হয়, ক্ষেপণাস্ত্রের খণ্ডিতাংশ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন এলাকায় পড়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি কর্তৃপক্ষ এর আগে মক্কাসহ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করে। একই সঙ্গে বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ নাকচ করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তাঁর দাবি, হুতিরা পবিত্র দুই নগরীতে হামলা চালিয়েছে বলে সৌদি পক্ষ যে প্রচার চালাচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।
এদিকে, হুতিদের দাবি, শুক্র ও শনিবার সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একাধিক হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নাজরানের বিমানবন্দর, খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং তেল স্থাপনা ও পাইপলাইন রয়েছে। এসব হামলার বিষয়ে হুতিদের বক্তব্যের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব পাল্টাপাল্টি হামলা ও অভিযোগ সৌদি আরব এবং ইয়েমেনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
