ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। হামলায় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।
সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতেরা তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তার বাবা ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।
সামিউল ইসলামের দাবি, এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তবে ডাকাত দলের সদস্যসংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ডাকাতির ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
The post ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি appeared first on SATV.
