চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন।
পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত আব্দুস সালাম মালিথা আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের ট্রাক্টর ভাড়া বাবদ পাওনা ১৫০ টাকা নিয়ে সালামের সঙ্গে ট্রাক্টর মালিক আরিফের (৩৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে আরিফ কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
সালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোড়ভাঙ্গা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্ত্রী ও মেয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। এ ঘটনায় মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
