অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ আসর শুরুর আগেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে কেকেআর যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
এর আগে সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়া থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি।’ তারপর আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলার সিদ্ধান্তের কথা জানালেন।
