কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও ২ পর্যটক।
বুধবার বিকেলে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান জানান, বিকেলে হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামেন সাতজন পর্যটক। এ সময় তাদের কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে সাহায্যের জন্য এগিয়ে যান ওই পর্যটকেরা। একপর্যায়ে তারাও স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে আল মাহিবুর ইবনে মোকাররম ও সাইবুল হক জিসানের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। তাদের সঙ্গে থাকা এসএম নাফিসুর রহমান নিবিড় এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে নিখোঁজ বাকি দুই পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকতা।
