পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের আলোচিত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে ওই শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার বোনের স্বামী আল আমিনকে (৪০) প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে এ মামলাটি দায়ের করেন। এর আগে দুপুরে পুলিশ আল আমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঝাড়ামোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে আল আমনিকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন।
এর কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হয়। পারাবারিক বিষয় নিয়ে আল আমিন ও রাসেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিনি এর আগে শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আজই আদালতে সোপর্দ করা হবে।’
