টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ দিয়েই পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে তার নতুন যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক হিসেবে ট্রফি হাতে ফটোসেশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তবে আজ শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে টসের সময় দেখা গেল ভিন্ন চিত্র। অধিনায়ক হিসেবে লিটনের বদলে টস করতে মাঠে আসেন তাওহিদ হৃদয়। হঠাৎ এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কী হলো লিটন দাসের?
টসের সময়ই সেটার উত্তর দিয়ে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। জানিয়েছিলে চোটের কারণে এ ম্যাচে নেই লিটন। এরপর এক ভিডিও বার্তায় লিটনের চোটের বিস্তারিত জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে এক ভিডিও বার্তায় ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, লিটনের চোটের বিষয়ে নিশ্চিত হতে গতকাল এমআরআই করানো হয়েছিল। সেই রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়েছে। এরপর আজ তাকে ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে না পারায় এই সিরিজে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বায়েজিদুল ইসলাম বলেন, ‘লিটন তার রাইট হিপ জয়েন্টের একটি চোটের কমপ্লেইন করেছিল। এরপর গতকাল আমরা একটি এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে তার একটু সমস্যা দেখা দিয়েছে। এরপর তাকে ফিটনেস টেস্ট দেওয়া হয়েছিল। আমরা তাকে একটি বেঞ্চ মার্ক ঠিক করে দিয়েছিলাম। সে সেটা পূরণ করতে পারেনি। তাই সে এই সিরিজে থাকছে না।’
চোটের কারণে লিটনের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল। চলতি সিরিজে তাকে আর দেখা যাবে না নিশ্চিত হলেও, কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সংবাদ: লিটন দাস
১৩ অক্টোবর ২০২৬
১২ অক্টোবর ২০২৬
১২ অক্টোবর ২০২৬
